হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে নিজের বাড়িতে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রল বোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি পুলিশ।

মাহদী হাসানের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে। তাঁর অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা তাঁদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া তাঁর ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরও একটি পেট্রল বোমা ছোড়া হয়।

মাহদী জানান, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় বসতঘরের টিনের চালের ওপর পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর চাচার ঘরের বৈদ্যুতিক মিটারে আগুন ধরে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘর থেকে বের হয়ে মিটারটি পুড়ে যেতে দেখেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে পেট্রল বোমা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।

ওসি জানান, মাহদীর বাড়ির সামনে তাঁর চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। প্রাথমিকভাবে ওই মিটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগের পক্ষে কোনো আলামত পাওয়া না গেলেও ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।