গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের মধ্যে একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁরা বিক্ষোভ শুরু করেন। তবে শ্রমিকদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্বচন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি পোশাক কারখানার শ্রমিকেরা বৃহস্পতিবারও আন্দোলন করেছিলেন। ওই দিন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
আহত শ্রমিকদের একজন মারা গেছেন—শনিবার সকালে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর তাঁরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল।
নাওজোর মহাসড়ক পুলিশের পরিদর্শক মো. মঞ্জুর মোর্শেদ জানান, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। সকাল সাড়ে ১১টার দিকেও শ্রমিকদের বিক্ষোভ চলছিল এবং মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।
মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেককে বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়।






