শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই পরিস্থিতিতে আরও অন্তত ৮টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকেরা। শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ জানায়, শনিবার সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে চলমান শ্রমিক অসন্তোষের কারণে ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং আরও ৮টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি পুরো শিল্পাঞ্চলে নজরদারি জোরদার করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) আশুলিয়া শিল্পাঞ্চলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ ও শ্রমিকসহ অন্তত সাতজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবি। এসব দাবিতে কয়েক দিন ধরে আশুলিয়ায় বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধ করে আসছেন শ্রমিকেরা।
এদিকে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ থেকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে মালিকপক্ষ কোনো প্রস্তাব না দিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় চেয়েছে।
অন্যদিকে, বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকাতেও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সকালে কাজে যোগ না দিয়ে কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে কারখানায় ছুটি ঘোষণা করা হলে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
শ্রমিক অসন্তোষের কারণে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।






