কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার, ওষুধ, মুদি পণ্য ও স্টুডিওসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
দোকানের মালামালসহ সবকিছু পুড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। সকাল ৭টা পর্যন্ত আগুন জ্বলছিল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন কাজ করছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।






