সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে প্রায় ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ ঘটনায় মাছের মালিককে ঘটনাস্থলে না পেয়ে মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। এ সময় রায়গঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে আড়ত থেকে প্রায় ২৬ মণ পিরানহা মাছ উদ্ধার করা হয়। মাছের মালিককে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দ করা মাছগুলো ময়মনসিংহ এলাকা থেকে ওই আড়তে আনা হয়েছিল। উদ্ধার করা মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা মাছ দেশীয় প্রজাতির মাছের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এটি জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করে এবং দেশীয় মাছের বংশবিস্তার ও অস্তিত্বের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ।
তিনি আরও জানান, জব্দ করা মাছগুলো পরবর্তী সময়ে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
