শেরপুরের নকলা উপজেলায় সাংবাদিক মামুন মিয়ার বাসার সামনে কাফনের কাপড়, মোমবাতি ও একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। চিরকুটে ‘বিশেষ উপহার’ লেখা থাকায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ওই সাংবাদিক।
জানা গেছে, সাংবাদিক মামুন মিয়ার বাসার সামনে রহস্যজনকভাবে এসব সামগ্রী রেখে যায় দুর্বৃত্তরা। পরে বিষয়টি নজরে এলে সেখানে কাফনের কাপড়, মোমবাতি ও চিরকুট দেখতে পান তিনি।
এ ঘটনায় সাংবাদিক মামুন মিয়া নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
এ ধরনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




