সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মাণেও অসামান্য অবদান রেখেছেন তিনি। তাঁর রচিত ও নির্মিত ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘নক্ষত্রের রাত’ আজও দর্শকের কাছে সমান জনপ্রিয়। তাঁর সৃষ্ট বাকের ভাই চরিত্রটি বাংলা নাটকের ইতিহাসে বিশেষ জায়গা দখল করে আছে।
জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে পরিবারের সদস্য, স্বজন ও ভক্তদের অংশগ্রহণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অন্যদিকে নেত্রকোনায় হিমু পাঠক আড্ডার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে হিমু উৎসব। হলুদ পাঞ্জাবি ও নীল শাড়িতে হিমু-রূপা সেজে ভক্তরা অংশ নিচ্ছেন আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডায়। এ ছাড়া রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী হুমায়ূন আহমেদ বইমেলা। 
২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই নন্দিত কথাসাহিত্যিক। গাজীপুরের নুহাশপল্লীতে তাঁকে সমাহিত করা হয়।
মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও পাঠকের হৃদয়ে তাঁর জনপ্রিয়তা এতটুকু ম্লান হয়নি। নতুন প্রজন্মের কাছেও তাঁর বই, নাটক, চলচ্চিত্র ও সৃষ্ট চরিত্রগুলো সমানভাবে সমাদৃত।
১৩ নভেম্বর তাই কেবল একজন কথাসাহিত্যিকের জন্মদিন নয়, এটি অসংখ্য পাঠক, দর্শক ও অনুরাগীর কাছে প্রিয় এক স্রষ্টাকে নতুন করে স্মরণ করার দিন। বাংলা সাহিত্যের আকাশে হুমায়ূন আহমেদ এমন এক নক্ষত্র, যাঁর আলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে থাকবে।


