শ্রমিকদের অভিযোগ, কার্তিক মাস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও তারা বাগানে ধর্মীয় কীর্তনের আয়োজন করেন। কিন্তু বাগান কর্তৃপক্ষ এতে বাধা দেয় এবং কীর্তনের প্যান্ডেল ও মন্দির অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় দুই সপ্তাহ ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।
একপর্যায়ে বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হুমায়ুন কবিরকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। গত ২৬ ও ২৭ অক্টোবর থেকে চা-পাতা উত্তোলনসহ বাগানের বিভিন্ন কার্যক্রম বন্ধ রেখে শত শত নারী-পুরুষ শ্রমিক বাগান কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
অন্যদিকে, শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছেন ডিনস্টন ডিভিশনের ডিজিএম হুমায়ুন কবির। তাঁর দাবি, ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া কিংবা মন্দির সরিয়ে নেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি।
তিনি জানান, কারখানার প্রধান ফটকের সামনে বড় প্যান্ডেল নির্মাণ করে টানা ৩০ দিন কীর্তনের আয়োজন করায় চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। এ বিষয়ে শ্রীমঙ্গল পূজা উদযাপন কমিটি, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আয়োজকদের নিয়ে বৈঠক করে রাস্তা সচল রেখে উৎসব আয়োজনের অনুরোধ জানানো হয়েছিল।
ডিজিএমের দাবি, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এদিকে, শ্রমিক অসন্তোষের জেরে বাগানের ডিভিশন ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণায় শ্রমিকদের কর্মসংস্থান এবং চা উৎপাদন কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।


