অসুস্থ ও প্রতিবন্ধী ছেলেকে বাড়িতে রেখে কারাগারে ছিলেন মা। সেই ছেলে মারা গেছে, কিন্তু শেষবারের মতো বাড়ি গিয়ে সন্তানকে দেখার অনুমতি পাননি তিনি। শেষ পর্যন্ত ছেলের মরদেহ কারাগারের ফটকে নিয়ে যেতে হয় পরিবারকে। সেখানে মাত্র দুই মিনিটের জন্য মাকে সন্তানের মুখ দেখানো হয়।
এই মা শারমিন সুলতানা শর্মী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী। তার মৃত ছেলের নাম তূর্য।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার
পুলিশ জানিয়েছে, গত অক্টোবরের শুরুতে রাজধানীর লালবাগ থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে শর্মীকে গ্রেপ্তার করা হয়। তবে শর্মীর দাবি, একদল লোক তাকে বাসা থেকে ধরে নিয়ে গিয়েছিল। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।
মা-বাবা ছাড়া দেখার কেউ ছিল না
পরিবারের ভাষ্য, তূর্য শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ ছিল। রাতভর তাকে ওষুধ খাওয়াতে হতো। মা-বাবা ছাড়া তার দেখাশোনার আর কেউ ছিল না।
প্যারোলের আবেদনে মেলেনি সাড়া
ছেলের মৃত্যুর পর স্ত্রীর প্যারোলের জন্য কাশিমপুর কারাগারে যান শর্মীর স্বামী শাহাদাত হোসেন নিপু। কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুরের জেলা প্রশাসকের কাছে আবেদন করতে বলে।
নিপু জানান, কারা কর্তৃপক্ষ তাকে বলেছে, নিরাপত্তা পরিস্থিতি ও জনবলসংকটের কারণে শর্মীকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়। পরিবারকে আরও জানানো হয়, একটি সাধারণ নির্দেশনার কারণে ডিসেম্বর পর্যন্ত কোনো বন্দীকে প্যারোল দেওয়া হবে না।
ফটকেই শেষ দেখা
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় একটি সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ। পরিবারকে জানানো হয়, ছেলের মরদেহ কারাফটকে আনলে প্রায় দুই মিনিটের জন্য মাকে মুখ দেখানো যাবে। সেভাবেই কারাগারের ফটকে দাঁড়িয়ে শেষবারের মতো ছেলেকে দেখেন শর্মী।
ঘটনাটি নিয়ে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।






