রান্নাঘরের নিত্যদিনের মসলা কিনতে গিয়ে এখন হোঁচট খাচ্ছেন ক্রেতারা। গত ১০ দিনে রাজধানীর বাজারে এলাচ, লবঙ্গ, জিরাসহ বিভিন্ন মসলা আর শুকনা ফলের দাম হু হু করে বেড়েছে। কোনো কোনো পণ্যের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে, কোনোটির ৪০০ টাকা পর্যন্ত।

শনিবার রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কচুক্ষেত, কারওয়ান বাজার এবং মিরপুরের পল্লবীর কালশী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম

দাম বাড়ার তালিকায় সবার ওপরে এলাচ। ১০ দিন আগেও যে এলাচ কেজিপ্রতি ৪ হাজার ৮০০ টাকায় পাওয়া যেত, এখন তা কিনতে হচ্ছে ৫ হাজার ২০০ টাকায়। লবঙ্গের কেজি ১ হাজার ৫০০ থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৭০০ টাকা।

এক নজরে বাজারদর (প্রতি কেজি)

পণ্য আগের দাম বর্তমান দাম বেড়েছে

এলাচ ৪,৮০০ টাকা ৫,২০০ টাকা ৪০০ টাকা

পেস্তাবাদাম ৩,৭০০ টাকা ৩,৯০০ টাকা ২০০ টাকা

লবঙ্গ ১,৫০০ টাকা ১,৭০০ টাকা ২০০ টাকা

ইসবগুলের ভুসি ১,০০০ টাকা ১,২০০ টাকা ২০০ টাকা

কাজুবাদাম ১,৩০০ টাকা ১,৪০০ টাকা ১০০ টাকা

কিশমিশ ৮২০ টাকা ৮৮০ টাকা ৬০ টাকা

জিরার দামও চড়া

রান্নার অপরিহার্য মসলা জিরার দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা। কচুক্ষেতের পাইকারি বাজারে জিরা বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়, আগে ছিল ৫৫০ টাকা। খুচরায় দাম আরও বেশি। ইব্রাহিমপুরে প্রতি কেজি জিরা ৬০০ টাকা থেকে বেড়ে ৭০০ টাকায় উঠেছে। কালশী বাজারে বিক্রি হচ্ছে ৬২০ টাকায়, যা আগে ছিল ৫২০ টাকা। হলুদ ও মরিচের দামও কেজিতে ২০ টাকা করে বেড়েছে।

পাইকারিতে বাড়ায় খুচরায় চাপ

কচুক্ষেতের মুসলিম এন্টারপ্রাইজের ব্যবসায়ী সজীব মিয়া জানান, গত ১০ দিনে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে।

খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ইব্রাহিমপুরের হাশেম জেনারেল স্টোরের মালিক আবুল হাশেম জানান, কচুক্ষেতের পাইকারদের কাছ থেকে এখন প্রতি কেজি জিরা আগের চেয়ে ১০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। অন্যান্য মসলা ও শুকনা ফলের দামও বেড়েছে বলে জানান তিনি।

দায় আন্তর্জাতিক বাজারের

দাম বাড়ার কথা স্বীকার করছেন পাইকারি ব্যবসায়ীরাও। কারওয়ান বাজারের রাসেল বানিয়াতি স্টোরের মালিক সাইদুল জানান, জিরা ও এলাচ আসে ভারত থেকে। ভারতসহ আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশেও তার প্রভাব পড়েছে। তার ভাষ্য, খুচরা বিক্রেতারা সাধারণত কেজিতে ১০ থেকে ২০ টাকা লাভ রেখে বিক্রি করেন।

কমছে বিক্রি

দাম বাড়ায় বিপাকে খুচরা দোকানিরাও। কালশী বাজারের বিক্রেতা শাহীন শেখ জানান, দাম বাড়লে চাহিদা কমে যায়, বিক্রিও কমে। ক্রেতাদের কাছে এই বাড়তি দামের ব্যাখ্যা দেওয়াটাই এখন তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।