আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে, কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগে তাকে দেশে এনে আইনি হেফাজতে নিতে হবে, তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বাকি বিচারিক প্রক্রিয়া শেষ করতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য।
নোটিশ গেছে ছয় দপ্তরে
রেজিস্টার্ড ডাক ও ই-মেইলে নোটিশটি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের কাছে।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত পদক্ষেপ নিয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।
"কারও পক্ষে-বিপক্ষে নয়"
নোটিশদাতা স্পষ্ট করে বলেছেন, কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার বা শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে অবস্থানের সঙ্গে এই উদ্যোগের সম্পর্ক নেই। সংবিধানের ২১(১) অনুচ্ছেদে রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষাকে নাগরিকের কর্তব্য বলা হয়েছে। সেই দায়বোধ থেকে নিরপেক্ষ অবস্থানে দাঁড়িয়েই তিনি নোটিশটি দিয়েছেন বলে জানান।
উদ্বেগ রাষ্ট্রীয় গোপনীয়তা নিয়ে
নোটিশের মূল যুক্তি জাতীয় নিরাপত্তা। এতে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকায় দেশের প্রতিরক্ষা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকলসহ নানা স্পর্শকাতর তথ্য শেখ হাসিনার জানা থাকতে পারে। একজন সাবেক সরকারপ্রধান দীর্ঘ সময় প্রতিবেশী দেশে থাকলে সেসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয় বলে নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ইয়েমেন-ইউক্রেনের দৃষ্টান্ত
এমন পরিস্থিতি দুই দেশের সম্পর্কের অবনতি, এমনকি সামরিক সংঘাত পর্যন্ত গড়াতে পারে। এ আশঙ্কা বোঝাতে নোটিশে দুটি দৃষ্টান্ত টানা হয়েছে।
২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেন। নোটিশে বলা হয়, সেখানে তার দীর্ঘ অবস্থান ও রাজনৈতিক তৎপরতা পরে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ ও ভয়াবহ আঞ্চলিক সংঘাতের সঙ্গে জড়িয়ে যায়।
২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ আশ্রয় নেন রাশিয়ায়। এরপর ক্রিমিয়া দখল এবং রাশিয়া-ইউক্রেনের দীর্ঘ সংঘাতের প্রসঙ্গ টেনে নোটিশে সতর্ক করা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এমন বৈরিতা তৈরি না হয়।
যেভাবে ফেরানোর প্রস্তাব
শেখ হাসিনাকে ফেরাতে নোটিশে ধাপে ধাপে একটি রূপরেখা দেওয়া হয়েছে:
কূটনৈতিক পত্র: পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক "নোট ভার্বাল" পাঠাবে। তাতে সংবিধানের ৩১ অনুচ্ছেদে দেওয়া নাগরিক হিসেবে আইনের আশ্রয় ও ন্যায়বিচার পাওয়ার অধিকারের কথা উল্লেখ করে তাকে নিরাপদে ফেরাতে ভারতের সহযোগিতা চাওয়া হবে।
হাইকমিশনে আত্মসমর্পণ: ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী হাইকমিশন প্রাঙ্গণ কূটনৈতিকভাবে অলঙ্ঘনীয়। শেখ হাসিনা নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বাংলাদেশের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন।
সেখানেই গ্রেপ্তার: বাংলাদেশ পুলিশের বিশেষ প্রশিক্ষিত একটি দল হাইকমিশন প্রাঙ্গণেই তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেবে।
ট্রাভেল পাসে দেশে ফেরা: হাইকমিশন ট্রাভেল পাস দেবে। এরপর বাণিজ্যিক ফ্লাইট বা চার্টার্ড বিমানে পুলিশের কড়া পাহারায় তাকে দেশে আনা হবে।
টুঙ্গিপাড়ায় সাবজেল: স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ সাবজেল ঘোষণা করবে। জনশৃঙ্খলা বজায় রাখা ও তার নিরাপত্তার জন্য ঢাকায় নামার পর বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে তাকে সরাসরি সেখানে নেওয়া হবে।
আপিলের সুযোগ ও ভার্চুয়াল বিচার
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ২১ ধারা অনুযায়ী দণ্ডাদেশের ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। তবে উপযুক্ত কারণ দেখালে বিলম্ব মার্জনা করে আপিল শুনানির জন্য গ্রহণের ক্ষমতা আপিল বিভাগের আছে। নোটিশে বলা হয়েছে, দেশে ফিরে হেফাজতে থাকা অবস্থায় শেখ হাসিনা এই সুযোগে আপিল করতে পারবেন।
তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে আরও দেওয়ানি ও ফৌজদারি মামলা চলছে। সেগুলো আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুযায়ী ভিডিও কনফারেন্সে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যের মাধ্যমে চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। নোটিশদাতার মতে, এতে নিরাপত্তাঝুঁকি এড়িয়েও বিচার চলতে পারবে।
সব আপিল ও আইনি প্রক্রিয়া চূড়ান্তভাবে শেষ হওয়ার পর আদালতের রায় সরকারকে নিরপেক্ষভাবে কার্যকর করতে হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।






