বাংলা রক সংগীতের কথা উঠলে যে নামটি সবার আগে আসে, তিনি আইয়ুব বাচ্চু। মঞ্চে গিটার হাতে তার উপস্থিতি, কণ্ঠের আবেগ আর সুরের মায়া এক অনন্য জায়গা তৈরি করেছিল শ্রোতাদের মনে। ২০১৮ সালের ১৮ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে তিনি চলে যান। তবু তার গান আজও সমান জনপ্রিয়, বিভিন্ন প্রজন্মের শ্রোতার কাছে।

বাবার দেওয়া গিটারে শুরু

আইয়ুব বাচ্চুর জন্ম ১৯৬২ সালের ১৬ আগস্ট, চট্টগ্রামের পটিয়ায়। পরিবারে তাকে ডাকা হতো রবিন নামে। পরিবারে গানবাজনার কোনো চর্চা ছিল না, তবু ছোটবেলা থেকেই তার মন পড়ে থাকত সংগীতে। বাবার কাছ থেকে উপহার পাওয়া একটি গিটারই হয়ে ওঠে তার সংগীতযাত্রার প্রথম সঙ্গী।

ফিলিংস থেকে সোলস, তারপর এলআরবি

১৯৭৭ সালে তার পেশাদার সংগীতজীবন শুরু। পরের বছর তিনি যোগ দেন ব্যান্ড ফিলিংসে। আশির দশকে যুক্ত হন সোলসের সঙ্গে, সেখানে কাটান প্রায় এক দশক।

১৯৯১ সালে সোলস ছেড়ে নিজেই গড়ে তোলেন ব্যান্ড এলআরবি। শুরুতে নাম ছিল "লিটল রিভার ব্যান্ড"। কিন্তু অস্ট্রেলিয়ায় একই নামে একটি ব্যান্ড থাকায় পরে নাম বদলে রাখা হয় "লাভ রানস ব্লাইন্ড"। এই এলআরবিই হয়ে ওঠে বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় নাম।

একক ও ব্যান্ড অ্যালবামে সাফল্য

১৯৮৬ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম "রক্তগোলাপ"। এলআরবির প্রথম অ্যালবাম আসে ১৯৯২ সালে। এরপর "কষ্ট", "ময়না", "সুখ", "ঘুমন্ত শহরে", "ফেরারী মন"-এর মতো একক ও ব্যান্ড অ্যালবাম তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। নব্বইয়ের দশকে "ক্যাপসুল" ও "স্ক্রু ড্রাইভার"-এর মতো মিশ্র অ্যালবামেও কাজ করেছেন তিনি।

রুপালি পর্দাতেও সমান জনপ্রিয়

শুধু ব্যান্ড নয়, চলচ্চিত্রের গানেও আইয়ুব বাচ্চু ছিলেন দর্শক-শ্রোতার প্রিয় কণ্ঠ। ১৯৯৯ সালের "আম্মাজান" ছবির টাইটেল গানটিকে দেশের চলচ্চিত্রের সবচেয়ে পরিচিত গানগুলোর একটি ধরা হয়। এ ছাড়া "লাল বাদশা", "গুন্ডা নাম্বার ওয়ান", "ব্যাচেলর", "রং নাম্বার", "চোরাবালি", "টেলিভিশন" ও "এক কাপ চা"-সহ বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি।

গিটারের তারে যে সুর তিনি বেঁধে গেছেন, তা আজও বাজে অসংখ্য ভক্তের হৃদয়ে। তিনি নেই, তবু বাংলা রক সংগীতের ইতিহাসে আইয়ুব বাচ্চুর নাম থেকে যাবে চিরকাল।